

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বাংলাদেশ সময় বুধবার (২৩ আগস্ট) রাত ১০টার পর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এ দুই নেতার বৈঠক শুরু হয়। যা চলে প্রায় ঘণ্টাখানেক।চার বছর পর শেখ হাসিনা ও শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হলো। আর বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন ও বাংলাদেশের এ বৈঠককে কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার মেয়ে ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিয়োম্যাটিক অ্যাম্বাসেডর ও অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল। আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনসহ দুই দেশের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার (২৩ আগস্ট) জোহানেসবার্গে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ব্রিকস সম্মেলনের স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও আরও দুই দেশের সরকার প্রধানের সাথে তার বৈঠকের কথা রয়েছে এদিন।



