

আগামীতে অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য হতে পারবে বাংলাদেশ, এমন আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বললেন, আঞ্চলিক ভারসাম্য রক্ষার কারণেই এবার সদস্য হতে পারেনি বাংলাদেশ।রোববার (২৭ আগস্ট) বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আরও বলেন, আমাদের আরও সময় আছে। পরবর্তী ধাপে বাংলাদেশ ব্রিকসে যুক্ত হতে পারবে। এখানে রাজনৈতিক ও আঞ্চলিক অনেক ইস্যু আছে। ভারসাম্য করার একটা ব্যাপার আছে। লাতিন আমেরিকা থেকে, নর্থ আফ্রিকা আবার মধ্যপ্রাচ্য থেকে একটি করে দেশ নেয়া হয়েছে। সুতরাং তারাও জিওগ্রাফিক্যাল একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে।মাসুদ বিন মোমেন জানান, ব্রিকসের রিয়েল যে আউটরিচটা (নিউ ডেভেলপমেন্ট ব্যাংক) আছে, সেটার মাধ্যমে বাংলাদেশের লাভবান হওয়ার সুযোগ আছে। এবারের ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেছেন, এটা প্রথম ধাপ। পরবর্তী সময়ে আরও ধাপ আসবে।এ সময় পররাষ্ট্র সচিব জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের সার্বিক ব্যবস্থা পর্যবেক্ষণে সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল মিয়ানমারে যাবে। চলতি বছরের মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে, এমনটা আশা করা হচ্ছে।তিনি আরও জানান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফরের কথা রয়েছে। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি।


