

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে মোহাম্মদ সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে। নিয়োগ পাওয়ার ২১ দিনের মধ্যেই তার নিয়োগ বাতিল করা হলো।রোববার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী নিয়োগ বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।অল্প সময়ের ব্যবধানে সাগর হোসেনের নিয়োগ বাতিল করার বিষয়ে প্রজ্ঞাপনে আলাদাভাবে আর কিছু বলা হয়নি। জনপ্রশাসন সশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের নিয়োগের সময় জারি করা প্রজ্ঞাপনে আগেই সংশ্লিষ্টজনের অভিপ্রায় বা সংশ্লিষ্ট পদে অধিষ্ঠিত থাকা সাপেক্ষে সময়ের কথা উল্লেখ করা থাকে। সেভাবেই তার নিয়োগ বাতিল করা হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়।এর আগে, গত ৬ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীর আব্দুল মান্নান মিয়ার ছেলে সাগর হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পান।উল্লেখ্য, রাষ্ট্রপতির এপিএস পদে সাগর হোসেন নিয়োগ পাওয়ার পরপরই এর আগে তিনি কোথায় কাজ করতেন, এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা উঠে। বিশেষ করে সরকার দলের ঘনিষ্ঠদের পক্ষ থেকেই আপত্তি উঠতে দেখা গেছে। সাগর হোসেন সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।



