

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা রয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। জি-২০ সম্মেলনের ফাঁকে এই বৈঠকের পরিকল্পনা রয়েছে। তবে এই বৈঠকের সময় এখনও নির্ধারিত নয়। খবর হিন্দুস্তান টাইমসের।আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন। এই সম্মেলন উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ভারত সফর করবেন। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের প্রধানদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। এরমধ্যে শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক আলোচনার পরিকল্পনাও রয়েছে নরেন্দ্র মোদির।এর কারণ হিসেবে হিন্দুস্তান টাইমস বলছে, গত কয়েক মাস ধরে দুই দেশের প্রধানমন্ত্রীর মাঝে যথাযথ দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়নি।এছাড়া, আগামী ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৯ সেপ্টেম্বর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সাথেও বৈঠক করবেন তিনি।



