

বিএনপি ক্ষমতায় এলে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, সরকারের জনগণের শক্তি না থাকায় শক্ত হয়ে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিকভাবে কোনো কথা বলতে পারে না। তাই এই সরকারকে হটানো না গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয়।রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত ‘রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন কৌশল’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। আরও বলেন, রোহিঙ্গা শুধুমাত্র আমাদের দেশের জন্য নয়, আন্তর্জাতিকভাবেও হুমকি হয়ে দাঁড়িয়েছে।বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার গোটা দেশকে একটা ভয়ের আবরণে ঢেকে দিয়েছে। দেশে আদালত, প্রশাসন বলতে কিছু নেই। যা আছে সব আওয়ামী লীগের জন্য।মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে জনসমর্থনহীন সরকারের দাঁড়ানোর কোনো শক্তি নেই। জনগণের অধিকার রক্ষায় সোচ্চার হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান তিনি।এই সেমিনারে ইউএস, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, ইউএস এইড, ইউকে এইড, জাইকা, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মান, ইরান, সুইডেন, নেদারল্যান্ডসসহ ১৫টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


