জি-২০ সম্মেলনে অংশ নিতে দিল্লিতে প্রধানমন্ত্রী, লাল গালিচায় স্বাগত
হেড অফ ডিজিটাল মিডিয়া


জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতের নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে দেশটিতে গেছেন সরকার প্রধান।শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১২টা ৪০ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশে এয়ারলাইনসের উড়োজাহাজটি। তিনি সেখানে পৌঁছালে লাল গালিচায় তাকে স্বাগত জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ। বিমানবন্দরে একটি সাংস্কৃতিক দল স্বাগত নৃত্যও পরিবেশন করে এ সময়।এই সফরে কৃষি গবেষণায় সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপির (দুই দেশের সাধারণ মানুষ) মধ্যে লেনদেন সহজ করার বিষয়ে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের দুইটি অধিবেশনে ভাষণ দেবেন শেখ হাসিনা। ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ নেতাদের সম্মেলনে বাংলাদেশসহ নয়টি দেশকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে জোটটির চেয়ারম্যান ভারত।আগামী ১০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চার্টার্ড ফ্লাইটে নয়াদিল্লি থেকে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


