

ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগদান শেষে রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বিকেল ৩টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এর আগে, নয়াদিল্লির স্থানীয় সময় দুপুর ১টা ০৮ মিনিটে (আইএসটি) ফ্লাইটটি নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিতে গত ৮ সেপ্টেম্বর নয়াদিল্লি যান শেখ হাসিনা।ওইদিন বিকেলেই ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন বাংলাদেশ সরকার প্রধান। দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের আগে তিনটি সমঝোতা স্মারক সই হয়। সেগুলো হলো— কৃষি গবেষণায় সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং 'দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আর্থিক লেনদন সহজীকরণ।জি-২০ সম্মেলনে বিভিন্ন অধিবেশনে যোগ দেন শেখ হাসিনা এবং দুইটি পৃথক ভাষণ দেন। এরমধ্যে শনিবার ‘ওয়ান আর্থ’ অধিবেশনে দেয়া বক্তব্যে বিশ্বব্যাপী সংহতি জোরদার করা এবং বৈশ্বিক সংকট মোকাবেলায় সমন্বিতভাবে প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও আলাপ করেন তিনি। সে সময় বাংলাদেশ সরকার প্রধানের সাথে সেলফি তুলেন বাইডেন।রোববার জি-২০ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে বিশ্বনেতাদের সঙ্গে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।এ সফরকালে প্রধানমন্ত্রী সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।


