

রাজধানীর শাহবাগ থানায় নিয়ে গিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে মারধরের ঘটনায় পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এর আগে, গতকাল রোববার রমনা জোনের এই এডিসিকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এর কয়েক ঘণ্টা না পেরুতেই হারুন-অর-রশীদকে আর্মড পুলিশ ব্যাটলিয়নে (এপিবিএন) বদলি করা হয়।একদিনের ব্যবধানেই তাকে বরখাস্ত করা হলো। তাকে বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন-অর-রশীদকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু, হারুন-অর-রশীদকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক ১১/৯/২০২৩ তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।এদিকে, ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে বৈঠক করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ সময় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। এছাড়া, শিক্ষার্থী নির্যাতনের এই ঘটনায় একইদিন সঠিক বিচার চেয়ে দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।প্রসঙ্গত, গত শনিবার রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইমকে নির্যাতন করেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার হারুন-অর-রশীদ।


