

বেনাপোলে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা । স্থলবন্দরের হ্যান্ডলিং কার্যক্রমের দখল নিতে এ বিস্ফোরণ ঘটানো হয়। এতে পথচারীসহ বন্দরের অন্তত ২০ জন শ্রমিক আহত হন। ঘটনার পর থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
ঘটনাস্থল থেকে জানা যায় , সকালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে একের পর এক বোমার বিস্ফোরণ ঘটতে থাকে। এমন অবস্থায় আতঙ্কিত শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। বোমায় গুরুতর আহত ইমরান হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
শ্রমিক ইউনিয়নের কর্মীরা জানায় , দীর্ঘদিন ধরে বন্দরের হ্যান্ডলিং শ্রমিকের ঠিকাদারির কাজ দখলে নিতে ২টি গ্রুপ মুখোমুখি অবস্থায় ছিল ।
ঠিকাদার অহিদুজ্জামান অহিদ অভিযোগ করে বলেন, 'বহিরাগত শ্রমিকরা আজকের বোমা হামলার সঙ্গে জড়িত। অন্তত ৫০টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তারা।'
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে রাশেদ নামের এক কাউন্সিলরের এর নেতৃত্বে এই বোমা হামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।'


