প্রাক-নির্বাচন পর্যবেক্ষণে মার্কিন প্রতিনিধি: 'অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কথা হয়নি'
হেড অফ ডিজিটাল মিডিয়া


ঢাকা সফফররত মার্কিন প্রাক-নির্বাচনী মিশনের সাথে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কথা হয়নি। বৈঠকের পর এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বলেছেন, অবাধ ও সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকারের অঙ্গীকারের কথা তাদের জানানো হয়েছে।রোববার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব ও মন্ত্রীর সাথে প্রায় দুই ঘণ্টা বৈঠক করে ঢাকা সফররত ১২ সদস্যের মার্কিন প্রাক নির্বাচনী প্রতিনিধি দল।বৈঠক শেষে প্রতিনিধি দলটির কেউ কথা বলেনি। তবে সাংবাদিকদের সাথে কথা বলেন ড. এ কে আব্দুল মোমেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা আলোচনায় একেবারেই আসেনি। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবো। নির্বাচন সুষ্ঠু হবে, তবে সংঘাতহীন হবে কি না তা নিশ্চয়তা দিতে পারছি না। কারণ, এর জন্য সব দলের সহযোগিতা প্রয়োজন। আমাদের শাসনতন্ত্রে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, এবার আমরা একটি স্বচ্ছ, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবো। আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি, জাল ভোট যেন না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে, গণমাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। আর তা প্রতিনিধি দলকে জানানো হয়েছে।পরে সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে প্রতিনিধি দলটি বৈঠক করে ঢাকার ইইউ কর্মকর্তাদের সঙ্গে। এছাড়া, গুলশানের একটি হোটেলে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করেন তারা।



