

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান।প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।এই দুই নেতার সাক্ষাতের পর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী তার সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর, বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া, ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের বিষয়েও রাষ্ট্রপ্রধানকে জানান।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান রাষ্ট্রপ্রধান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজখবর নেন।



