

অন্যান্য বছরের মতো এবারও সিয়াম সাধনার মাসে সকল সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় দেড় ঘন্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে রমজান মাস উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাষিত এবং আধা-স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানের জন্য অফিসের সময়সূচি পরিবর্তন করা হয়। বৈঠকটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ৩ অথবা ৪ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টার পরিবর্তে তিনটা পর্যন্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবারই থাকবে।
তবে বীমা, ব্যাংক, ডাক ব্যবস্থা, রেলওয়ে, হাসপাতালসহ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই সুবিধার বাইরে থাকবে।
সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব ধরনের কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।



