

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, অস্ত্র বানানোর টাকা বিশ্বের উন্নয়নে ব্যয় হোক, আমরা সেটা চাই। যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ ধ্বংস করে। আমরা শান্তি চাই।বুধবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ পদক প্রদান এবং শেখ রাসেল দিবস ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আরও বললেন, আমার ছোট্ট রাসেলের মতো আর যেন কাউকে জীবন না দিতে হয়, এটাই আমি চাই। সরকারপ্রধান বলেন, বিশ্বে একের পর এক যুদ্ধ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখন আবার ফিলিস্তিনের ওপর ইসরায়েল আক্রমণ করছে। দুই পক্ষেরই শিশু নিহত হয়েছে। গতকাল দেখলাম হাসপাতালে আক্রমণ হয়েছে। সেখানেও শিশু মারা গেছে। আমি বিশ্বনেতাদের বলবো, এই যুদ্ধ বন্ধ করুন। অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করুন। যুদ্ধ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না।এ সময় পুরস্কারজয়ীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আর তাদের উদ্দেশে বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ দেশ গড়ে তোলার কাজ করছে আওয়ামী লীগ সরকার। আজকের শিশুরা স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারি।


