

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, পূজা উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় কোনো সুনির্দিষ্ট শঙ্কা নেই। তবে সব ধরনের শঙ্কা মাথায় রেখে পরিকল্পনা সাজানো হয়েছে। সকল ধরনের শঙ্কা মোকাবেলা করার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখেন পুলিশের এ কর্মকর্তা। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।এ সময় তাকে প্রশ্ন করা হয়, ভোটের বছর এলেই দুর্গা পূজার সময় সাম্প্রদায়িক হামলা-সহিংসতার ঘটনা বাড়ে। এবার তেমন কোনো শঙ্কা রয়েছে কি না, সেই প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার নিরাপত্তার শঙ্কা দেখছেন না বলে জানান।হাবিবুর রহমান আরও বলেন, মহালয়া থেকে আজকে পর্যন্ত এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল। আগামীকাল থেকে পাঁচ দিনব্যাপী পূজার মূল কার্যক্রম শুরু হবে। মহাষষ্ঠী থেকে বিসর্জন পর্যন্ত পুরো সময়টাই পুলিশ, আনসারসহ যে স্বেচ্ছাসেবক দল রয়েছে, তাদের সহযোগিতায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। পুলিশের পক্ষ থেকে সিভিল পোশাকেও লোক রাখা হয়েছে। তিনি বলেন, এবার ঢাকা মহানগরে ২৪৮টি পূজা মণ্ডপে পূজা উদযাপন করা হবে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে গুজব ছডাতে না পারে সেজন্য সাইবার টিম কাজ করছে।



