২৮ অক্টোবর রাস্তা বন্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়নি: মার্কিন দূতাবাস
হেড অফ ডিজিটাল মিডিয়া


২৮ অক্টোবর বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কোনো আলোচনা হয়নি। রোববার (২২ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ কথা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।এদিন বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পিটার হাস। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পিটার হাসের সঙ্গে আলোচনার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (পিটার হাস) জানতে চেয়েছেন, ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির কারণে রাস্তাঘাট বন্ধ করে দেয়া হবে কি না।এরপর রাতে মার্কিন দূতাবাসের মুখপাত্রের ব্রায়ান শিলারের পাঠানো ওই বার্তায় বলা হয়, আজ (২২ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকায় রাস্তা বন্ধের বিষয়ে আলোচনা হয়নি। শান্তিপূর্ণ সমাবেশ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপবিহীনভাবে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন পিটার হাস।প্রসঙ্গত, সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। একইদিনে আওয়ামী লীগও রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার ঘোষণা দিয়েছে।



