

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সুইজারল্যান্ডের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।সোমবার (২৩ অক্টোবর) ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেংগলি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।শেখ হাসিনা বলেছেন, সরকার একটি ব্যাপকভিত্তিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। আমরা জমি দেব। তারা (সুইস উদ্যোক্তারা) বাংলাদেশে একটি মিনি সুইজারল্যান্ড তৈরি করতে পারে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, সুইস কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে রাষ্ট্রদূত উল্লেখ করেছেন।রেটো সিগফ্রিড রেংগলি বলেছেন,বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়াতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারে কাজ করে যাবো। গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন তিনি।এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে বলেও জানান এ রাষ্ট্রদূত।শেখ হাসিনা বলেন, বাংলাদেশের গ্রামীণ জনগণের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। উন্নয়নের মেরুদণ্ড মধ্যবিত্ত শ্রেণির মানুষ। আমরা চরম দারিদ্র্যের হার শূন্য, অন্তত এক শতাংশে নামিয়ে আনতে অনেক কর্মসূচি নিচ্ছি।সুইস রাষ্ট্রদূত এ সময় শেখ হাসিনার কাছে একটি চিঠি হস্তান্তর করেন, যা বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে সুইস স্বীকৃতির জবাবে সুইজারল্যান্ড সরকারকে পাঠিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চিঠি পেয়ে প্রধানমন্ত্রী বললেন, এটি (চিঠি) জাদুঘরে রাখা হবে।বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জল হোসেন মিয়া এবং ঢাকায় সুইস মিশনের উপপ্রধান করিন হেনচোজ পিগনানি উপস্থিত ছিলেন।


