

বেলজিয়ামের ব্রাসেলসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে তিনি বেলজিয়াম সফরে গেলেন।মঙ্গলবার (২৪ অক্টোবর) ১১টা ১২ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি ২০৭) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি ২৪ অক্টোবর (ব্রাসেলস সময়) পৌনে ৭টায় ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।আগামী ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, ৩ বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক।



