

আনসার ব্যাটালিয়ন সদস্যরা অপরাধীকে আটক করার ক্ষমতা পাচ্ছেন। তবে নিতে হবে ঊর্ধ্বতন বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন। এমন বিধান রেখে গতকাল সোমবার (২৩ অক্টোবর) ‘আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩’ জাতীয় সংসদে তোলা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি উত্থাপন করেন। এর আগে তা উত্থাপনে তিনি অনুমতি চাইলে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম আপত্তি জানান। তবে তার আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলটি তিন দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।প্রস্তাবিত বিলের ৮ ধারায় বলা হয়েছে, কোনো ব্যাটালিয়ন সদস্যের সামনে সংঘটিত অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদনক্রমে অপরাধীকে আটক করে অবিলম্বে পুলিশের কাছে সোপর্দ করবে এবং ক্ষেত্রমতো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশক্রমে আটক ব্যক্তির দেহ তল্লাশি; কোনো স্থানে প্রবেশ ও তল্লাশি এবং মালামাল জব্দ করতে পারবে।চলতি সংসদেই বিলটি পাস হতে পারে, এমন আভাস পাওয়া যাচ্ছে। এ আইন পাস হলে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যরা তাদের নতুন ক্ষমতা প্রয়োগের সুযোগ পাবেন।


