

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ করতে চায় রাজনৈতিক দলগুলো। তাদের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা শহরের প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।এসব কর্মসূচি ঘিরে নাশকতার জন্য কেউ যেন আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য নিয়ে সমাবেশে প্রবেশ করতে না পারে সে জন্যই র্যাবের চেকপোস্টের ব্যবস্থা। একইভাবে গুরুত্বপূর্ণ স্থানেও বসানো হবে চেকপোস্ট। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।খন্দকার আল মঈন বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করবে এটিই স্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে নগরবাসীকে সব ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে র্যাব। সমাবেশেকে কেন্দ্র করে নিরাপত্তা দেওয়া হবে। সমাবেশের অনুমতির বিষয়ে র্যাবের মুখপাত্র বলেন, সমাবেশ কোথায় হবে সেটির অনুমতি ডিএমপির এখতিয়ারভুক্ত। র্যাবের মূল দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের রক্ষা করা। জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা দেওয়ার জন্য র্যাব দায়িত্ব পালন করে যাবে।সমাবেশকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে রাজধানীসহ মহাসড়কগুলোতে পেট্রোলিং জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া, নাশকতা বা সহিংসতা এড়াতে গোয়েন্দাদের পাশাপাশি সাইবার ওয়ার্ল্ডেও র্যাবের কাজ চলছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য র্যাব প্রস্তুত রয়েছে।



