

শনিবার (২৮ অক্টোবর) রাজধানী ঢাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এদিন বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ তাদের এক্স হ্যান্ডলারে (সাবেক টুইটার) এই প্রতিক্রিয়া জানিয়েছে।তাতে সব পক্ষকে শান্ত এবং নিজেদের সহিংসতা থেকে নিবৃত্ত থাকার আহ্বান জানানো হয়। সহিংসতার ঘটনায় সম্ভাব্য ভিসা বিধি–নিষেধের বিষয়ও তাতে উল্লেখ করা হয়।এছাড়া, ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মীহত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।এদিন ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এক পুলিশ সদস্যসহ অন্তত দুজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন অনেকে।এরমধ্যে বিএনপির মহাসমাবেশও পণ্ড হয় যায়। এ ঘটনায় হরতাল ডেকেছে বিএনপি। তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে জামায়াতও হরতাল ডেকেছে।


