

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় এক পুলিশ সদস্যের নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (২৯ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানায় এ মামলাটি দায়ের করা হয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, পুলিশ সদস্য হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।এ মামলায় কতজনকে আসামি করা হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেছেন।শনিবার বিএনপির মহাসমাবেশ চলাকালে কাকরাইল এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষের জেরে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। দফায় দফায় চলতে থাকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ। এ সময় আমিরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সেকেন্দার আলী মোল্লার ছেলে।সংঘর্ষে আহত হওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রাজধানীতে বড় দুই দলের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে এদিন দুপুর থেকেই বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে পথচারী, সাংবাদিক ও পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, তাদের ৪১ জন সদস্য আহত হয়েছেন।


