

সারাদেশে ২৯ ঘণ্টায় মোট ৪৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে। তারা বলছে, ২৮ অক্টোবর দুপুর ১টা থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তার মধ্যে ২৭টি অগ্নিসংযোগের ঘটনা ঢাকায় ঘটেছে।রোববার (২৯ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু রোববার সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে মোট ১৩টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ৪টি ঢাকা সিটি করপোরেশন এলাকায়।আরও বলা হয়, সারাদেশে অগ্নিসংযোগের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৪১টি, রাজশাহীতে ১টি, খুলনা বিভাগে ২টি ও রংপুর বিভাগে ১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৯টি বাস, ৩টি মাইক্রোবাস, ৩টি অ্যাম্বুলেন্স, ১টি ট্রাক, ৭টি মোটরসাইকেল, ৩টি পিকআপ ও ১টি সিএনজি পুড়ে গেছে।এছাড়া পুলিশ বক্স, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার, রাজনৈতিক দলের কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে বলেও জানায় ফায়ার সার্ভিস।এর আগে ফায়ার সার্ভিস জানায়, অগ্নি নির্বাপণ শেষে ফেরার পথে গতকাল শনিবার বিকেলে দুর্বৃত্তরা ঢাকার শাজাহানপুর ফ্লাইওভারের নিচে তাদের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২ সদস্য আহত হয়েছেন।প্রসঙ্গত, ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ উঠে, দলটির নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। এসব হামলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এছাড়া, এই সংঘর্ষে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি। এদিন রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটল।



