

গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার বিদেশি মিশনগুলো। সোমবার (৩০ অক্টোবর) কূটনৈতিক মিশনগুলো এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছে।ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন তাদের ফেসবুকে এক পোস্টে যৌথ বিবৃতিটি প্রকাশ করেছে। তাতে বলা হয়, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ঢাকায় ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, সেজন্য গভীরভাবে উদ্বিগ্ন। সহিংসতাকে কেন্দ্র করে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই।বিবৃতিতে আরও বলা হয়, আমরা সব স্টেকহোল্ডারদের সংযম অনুশীলনের মাধ্যমে সহিংসতা পরিহার এবং একইসঙ্গে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের শর্ত মানতে একসঙ্গে কাজ করতে সবাইকে আহ্বান জানাই।এর আগে, এই রাজনৈতিক সহিংসতার ঘটনায় ওই দিনই প্রতিক্রিয়া জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকায় সংঘাত-সহিংসতার নিন্দা জানায় তারা। একইসঙ্গে বাংলাদেশের জন্য দেওয়া দেশটির ভিসা নিষেধাজ্ঞা আরোপে সহিংস ঘটনা পর্যালোচনার কথা স্মরণ করিয়ে দেয়।


