

সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের পরিবেশ বজায় রাখতে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন ও মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে সহযোগিতা চান তিনি।প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তি ও সহনশীলতার ধর্ম। দেশে অন্য ধর্মের মানুষও যাতে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করতে হবে। ইসলাম যে শান্তির ধর্ম, সে বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।মসজিদের ইমামদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ইসলাম ধর্ম যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের কোনো তরুণ যেন জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকে আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।বাংলাদেশ সব সময় শান্তি চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বেলজিয়ামের সম্মেলনে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনে যেভাবে হত্যা হচ্ছে, আমরা এটা চাই না। ইতোমধ্যে সেখানে সাধ্যমতো ওষুধ ও শুকনো খাবার পাঠিয়েছি। আমরা চাই সবাই শান্তিতে বসবাস করুক।এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন সরকারপ্রধান। ঢাকা সফররত সৌদি আরবের মদিনার পবিত্র মসজিদে নববির ইমাম শেখ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুয়াজান এ অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া, সারাদেশ থেকে প্রায় এক লাখ প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম এই সম্মেলনে যোগ দিয়েছেন।



