

কাল মঙ্গলবার (৩১ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলজিয়ামের ব্রাসেলস সফর বিষয়ে জানাতে তার এই সংবাদ সম্মেলন।সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে এই তথ্য। জানানো হয়, বেলজিয়ামে তিন দিনের সফর বিষয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের আমন্ত্রণে গত ২৪ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে গত ২৭ অক্টোবর (শুক্রবার) দেশে ফেরেন তিনি।সরকারপ্রধান সফরকালে ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। ২৫ অক্টোবর সকালে তিনি ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসি প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।এই দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়। ইউরোপীয় কমিশন ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৪৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য বাংলাদেশ সরকার ও ইসির মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরোর অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।এছাড়া, এই সফরে বাংলাদেশ সরকার এবং ইসি বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর ৫টি ভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


