

মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন দিনের অবরোধ। রোববার বিএনপি এই অবরোধের কর্মসূচির ডাক দেয়। এরপর তাতে সমর্থন দেয় সমমনা দলগুলো। একদিন পরে জামায়াতও একই কর্মসূচি ঘোষণা করে। সড়ক, নৌ, রেলপথ এই কর্মসূচির আওতায় থাকবে।অবরোধ চলাকালীন রাজধানী ঢাকাকে ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানা গেছে, ছদ্মবেশে কেউ যাতে জানমালের ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী।ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও নাশকতা যে হতে পারে, সেটি সমসাময়িক সময়ের অভিজ্ঞতাই বলে দিচ্ছে। নাশকতা করার অবিশ্বাস্য রকমের প্রবণতা আছে তাদের। তাই সেই শঙ্কা আমাদের আছে, সেভাবে নিরাপত্তা পরিকল্পনাও আমরা করেছি।পুলিশ জানায়, রাজনৈতিক কর্মসূচিতে বাধাদান নয়, নগরবাসীর জানমাল রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও কঠোর হবে।


