

বিএনপি ও জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মহাসড়কে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। রাতে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিরোধী দলের অবরোধ কর্মসূচি শুরুর আগেই সারাদেশে বিজিবি মোতায়েন করা হলো। সোমবার মধ্যরাতে রাজধানীর বিভিন্ন জায়গা ও মহাসড়কে টহল দিতে দেখা গেছে বাহিনীটির সদস্যদের।চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে বিজিবি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে।মঙ্গলবার থেকে টানা তিন দিন দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌ-পথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত। এ নিয়ে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। যদিও সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জোর চেষ্টা চালাচ্ছে। সারাদেশে বিজিবি মোতায়েন ছাড়াও রাজধানী ঘিরে কঠোর নিরাপত্তা দেয়ার পরিকল্পনা করেছে ঢাকা মহানগর পুলিশ।এর আগে, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ঠেকাতে পুলিশকে সহায়তা করতে মাঠে নেমেছিল বিজিবি। এরপর হরতালেও মাঠে ছিল বাহিনীটি। এবার অবরোধেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি প্লাটুন মোতায়েন থাকবে।



