

গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। একইসঙ্গে এই ঘটনার নিন্দা জানিয়েছে দেশটি।স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ আহ্বান জানান। সহিংসতার মধ্যে পুলিশ ও রাজনৈতিক কর্মী হত্যা এবং বাস ও হাসপাতালে আগুন দেওয়াকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি।বাংলাদেশে গণতন্ত্রকে সমর্থন ও এগিয়ে নিতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে বলেও এ সময় উল্লেখ করা হয়।স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব পক্ষের দায়িত্বের ওপর গুরুত্ব আরোপ করেন ম্যাথিউ মিলার। তিনি বলেছেন, স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যম সব পক্ষের দায়িত্ব রয়েছে। কূটনীতিকরা নানা পক্ষের সাথেই আলোচনা করেন। এটা তাদের দায়িত্বের অংশ।উল্লেখ্য, এর আগে ২৮ অক্টোবরই সহিংসতার এ ঘটনায় নিন্দা জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এদিন বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ তাদের এক্স হ্যান্ডলারে (সাবেক টুইটার) এই প্রতিক্রিয়া জানিয়েছে। তাতে সব পক্ষকে শান্ত এবং নিজেদের সহিংসতা থেকে নিবৃত্ত থাকার আহ্বান জানানো হয়। সহিংসতার ঘটনায় সম্ভাব্য ভিসা বিধি–নিষেধের বিষয়ও তাতে উল্লেখ করা হয়।এছাড়া, ওইদিনই ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়।


