

বাংলাদেশি নাগরিকদের জন্য সকল শ্রেণির নতুন ভিসা ইস্যু বন্ধ করেছে ওমান। তাতে নতুন করে কোনো বাংলাদেশি দেশটিতে প্রবেশ করতে পারবে না। মঙ্গলবার (৩০ অক্টোবর) রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।তাতে বলা হয়, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের আগে প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন। এ ধরনের ভিসাধারীগন চাইলে দেশে ফিরে চাইলে কাজের ভিসার মাধ্যমে পুনরায় ওমানে যেতে পারবে। তবে বাংলাদেশিদের জন্য এই সুবিধা নেই।বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়ার কার্যক্রম স্থগিত থাকবে। যা মঙ্গলবার থেকেই কার্যকর হবে।



