

রাজধানীর মিরপুর ১০ থেকে ১৪ পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোষাক শ্রমিকরা। বুধবার (১ নভেম্বর) সকাল থেকে লাঠিসোঁটা হাতে অবস্থান নেন গার্মেন্টস শ্রমিকরা। তাতে উত্তপ্ত হয়ে উঠে মিরপুর এলাকা। একপর্যায়ে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কয়েকশ শ্রমিক লাঠি হাতে মিরপুরের এসব এলাকায় অবস্থান নিয়েছেন। এসব এলাকায় কোনো গাড়ি এলে তা তারা ফিরিয়ে দিচ্ছেন। এই আন্দোলনের ভয়ে আশপাশের ব্যবসায়ীরাও দোকানপাট বন্ধ করে দিয়েছেন।এর আগে, সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পোশাক শ্রমিকরা মিরপুর ২, ৭, ১০ ও ১৩ নম্বর গোল চত্বরে অবস্থান নেন। তখন এসব এলাকায় যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যান তারা। কয়েকটি পোশাক কারখানার গেটও ভাঙচুর করতে দেখা যায় শ্রমিকদের। নূন্যতম মজুরি নির্ধারণের দাবিতে গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) বিক্ষোভ সমাবেশ করেন পোশাক শ্রমিকরা। একই দাবিতে আজ আবারও রাজপথে নেমেছেন শ্রমিকরা।



