

রাজধানীর বাংলামোটরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যার পর বাসে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পায়। এরপর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপি-জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের ডাকা দ্বিতীয় দফার অবরোধ ভোর ৬টা থেকে শুরু হয়েছে। এরমধ্যে আজ সকালে রাজধানীর বনশ্রী এলাকায় অছিম পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সবুজ (৩০) নামে এক গাড়িচালক দগ্ধ হন। তিনি রমজান পরিবহনের চালক ছিলেন। বিকেলে মিরপুর বাংলা কলেজ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসেও আগুন দেয়ার ঘটনা ঘটে। এছাড়া, উত্তরা হাউজবিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হন। এর বাইরে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে অবরোধ সমর্থনকারীদের বিক্ষোভ-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এর আগে, গতকাল শনিবার (৪ নভেম্বর) রাতে রাজধানীতে পাঁচটিসহ সারাদেশে ৯টি বাসে আগুন ও ভাঙচুরের সংবাদ পায় ফায়ার সার্ভিস। আওয়ামী লীগের একটি কার্যালয়ও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।


