

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সরকারবিরোধীদের ডাকা অবরোধের মধ্যে বিজিবি মোতায়েনের এই ঘটনা ঘটলো।বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় বিজিবি মোতায়েনের তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে সারাদেশে বিজিবি টহল জোরদার করেছে।এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গতকাল রোববার (৫ নভেম্বর) ভোর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। যা কাল মঙ্গলবার ভোরে শেষ হবে। একইসঙ্গে জামায়াতসহ আরও কয়েকটি রাজনৈতিক দল এই কর্মসূচি পালন করছে।এর আগে, গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিনের অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল পালন করে তারা।সরকারবিরোধীদের হরতাল ও একাধিক দফায় ডাকা অবরোধ ঘিরে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন জায়গায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনাও ঘটেছে।


