

বাংলাদেশে সরকারবিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একইসঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়েও জোটটি উদ্বেগ প্রকাশ করেছে।স্থানীয় সময় মঙ্গলবার (৭ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান।ব্রিফিংয়ে তিনি বলেন, গত সপ্তাহে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমরা যা বলেছি, এখনও তাই উল্লেখ করবো। বাংলাদেশে গণগ্রেপ্তারসহ সার্বিক পরিবেশ-পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করছে।এ সময় ব্রিফিংয়ে উঠে আসে জাতিসংঘের সমালোচনা করে বাংলাদেশের ক্ষমতাসীন দলের নেতাদের দেওয়া বক্তব্যের বিষয়টিও। বাংলাদেশ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র বলেন, জাতিসংঘের সমালোচনা নতুন কিছু নয়। আমি মনে করি, বিভিন্ন সময়ে এমন অভিযোগ দাঁড় করানো হয়েছে।এর আগে, জাতিসংঘ জানিয়েছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাতিসংঘ বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার, হয়রানি ও সহিংসতা দেখতে চায় না। সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলেও উল্লেখ করা হয়েছিল।


