সংসদে ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ তোলা হয়েছে। এতে বলা হয়েছে, কোন গণমাধ্যমকর্মীর বেতনকাল এক মাসের বেশি হবে না। পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।

সোমবার (২৮ মার্চ) তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বিলটি সংসদে উত্থাপন করেন।

এরপর তা ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য পাঠানো হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে।

citytouch 728-X-90

বিলে আরও বলা হয়েছে, প্রতি পাঁচ বছর পরপর গণমাধ্যমকর্মীদের ন্যূনতম ওয়েজ বোর্ড গঠন হবে। ওয়েজ বোর্ড সংবাদপত্র, সংবাদ সংস্থা, বেসরকারি টেলিভিশন, বেতার ও নিবন্ধিত অনলাইন মাধ্যমের জন্য প্রয়োজনে পৃথক পৃথক বেতন কাঠামো নির্ধারণ করবে।

এছাড়া তিন বছর পরপর ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটির কথাও বলা হয়েছে বিলে।

গণমাধ্যমে পূর্ণকালীন কর্মরত সাংবাদিক, কর্মচারী এবং নিবন্ধিত সংবাদপত্রের মালিকানাধীন ছাপাখানাসহ নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে বিভিন্ন কাজে নিয়োজিত কর্মীদের ‘গণমাধ্যমকর্মী’ বলা হবে বলেও বিলটিতে উল্লেখ রয়েছে।

অস্থায়ী বা সাময়িক, শিক্ষানবিশ এবং স্থায়ী, গণমাধ্যমকর্মীদের এই তিনটি বিভাগ করা হয়েছে বিলে।

সপ্তাহে অন্যূন ৪৮ ঘণ্টা কাজ করতে হবে গণমাধ্যমকর্মীদের, এর বেশি কাজ করাতে হলে ওভার টাইম ভাতা দিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে এই বিলে।