

সৌদি আরব থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে আয়োজিত ইসলামে নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও ওমরাহ পালন শেষে তিনি দেশে ফিরেছেন।বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টা ৪১ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, গত রোববার (৫ নভেম্বর) বিকেলে মদিনা পৌঁছেন সরকারপ্রধান। এরপর মদিনার মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। সেখানে আছরের নামাজের পর ফাতিহা পাঠ ও মোনাজাত করেন শেখ হাসিনা।একই দিন রাতে তিনি মদিনা ত্যাগ করে মক্কায় পৌঁছান। পরে প্রধানমন্ত্রী এশার নামাজের পর মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করেন।পরদিন ৬ নভেম্বর ‘উইমেন ইন ইসলাম’ সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের ফাঁকে তিনি ওআইসি ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।এছাড়া, শেখ হাসিনা উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন করেন। তার সম্মানে আয়োজিত নৈশভোজেও অংশ নেন।অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সঙ্গে যৌথভাবে ৬ থেকে ৮ নভেম্বর সম্মেলনটির আয়োজন করে সৌদি আরব।


