

জাতিসংঘ বাংলাদেশের মানবাধিকার রেকর্ড পরীক্ষা-নিরীক্ষা করবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) আগামী সোমবার (১৩ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় এক বৈঠকে এই যাচাইকরণ করবে।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, ৬ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ইউপিআর ওয়ার্কিং গ্রুপ ১৪টি দেশের মানবাধিকার পর্যালোচনা বা রিভিউ করছে। তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রিভিউ সম্পন্ন হয় যথাক্রমে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে, ২০১৩ সালের এপ্রিলে এবং ২০১৮ সালের মে মাসে।এতে তিনটি ক্যাটেগরিতে রিভিউ করা হবে। ১. জাতীয় প্রতিবেদন- পর্যালোচনাধীন রাষ্ট্রের দেয়া তথ্য। ২. নিরপেক্ষ মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ ও গ্রুপ- যা স্পেশাল প্রসিডিউর নামে পরিচিত, মানবাধিকার চুক্তি বিষয়ক সংস্থা এবং জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলোর দেয়া রিপোর্টের তথ্য। ৩. জাতীয় মানবাধিকার বিষয়ক প্রতিষ্ঠান, আঞ্চলিক সংগঠন ও নাগরিক সমাজের গ্রুপগুলো সহ অন্য অংশীদারদের দেয়া তথ্য। উল্লেখ্য, জাতিসংঘের ১৯৩টি রাষ্ট্রের সবার মানবাধিকার পর্যালোচনাকারী একটি গুরুত্বপূর্ণ সংগঠন হলো ইউপিআর। জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৪৭টি সদস্য দেশ নিয়ে গঠিত ইউপিআর ওয়ার্কিং গ্রুপ। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের প্রতিটিই একটি দেশের রিভিউতে অংশ নিতে পারে।


