

রোজায় খোলা থাকছে সব স্কুল-কলেজ। ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এদিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই বিষয় সঙ্গক্রান্ত একটি আদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। যদিও, এবারের রোজায় ৩ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত স্কুল ও কলেজ বন্ধ থাকার কথা ছিলো।
আদেশটি অনুযায়ী, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়াই এই সিদ্ধান্ত গ্রহণের মূল কারণ। ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত থাকবে।
তবে, বিশ্ববিদ্যালয়ের বিষয়ে মন্ত্রণালয় বলছে, স্ব স্ব কর্তৃপক্ষের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে, রোজায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ একটি রিট দায়ের করেছিলেন।



