

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ মানবে না ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।বিবৃতিতে বলা হয়, বিএনপি-জামায়াতের অবরোধের ২ দিন ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। সকল রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি বা কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানানো হলো।তাতে আরও বলা হয়, জনবিরোধী এ অবরোধে মালিক-শ্রমিকেরা সাড়া দেবে না। তারা এ অবরোধ ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে। অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হলো।প্রসঙ্গত, সরকারবিরোধী বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধ কাল রোববার থেকে শুরু হবে। এদিন ভোর ৬টায় শুরু হয়ে মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে ৪৮ ঘণ্টার এই অবরোধ।


