

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে রাশিয়ার তিনটি রুশ যুদ্ধজাহাজ। জাহাজগুলো রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের। বন্ধুত্বপূর্ণ সফরে এই তিনটি জাহাজ বাংলাদেশে এসেছে। এর মধ্য দিয়ে ৫০ বছর পর রাশিয়ার কোনো যুদ্ধজাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়ল। রোববার (১২ নবেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এমনকি ঢাকার রুশ দূতাবাসও এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছে।তাসের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামে ভেড়া রুশ নৌবহরের ওই জাহাজগুলোর মধ্যে রয়েছে দুটি সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ। এরমধ্যে একটির নাম ‘অ্যাডমিরাল ত্রিবুতস’, আরেকটির নাম ‘অ্যাডমিরাল প্যানতেলেইয়েভ’। অপর জাহাজটি জ্বালানিবাহী ট্যাংকার। সেটির নাম ‘পেচেনগা’।এর আগে, স্বাধীনতা পরবর্তী চট্টগ্রাম বন্দরকে মাইনমুক্ত করতে সেখানে বিশেষ অভিযান চালায় রাশিয়ার কয়েকটি যুদ্ধজাহাজ। সে সময় মাইন সমস্যা সমাধানে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে সহযোগিতা করে।তাসের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত করার ওই অভিযান চলেছিল ১৯৭২ সালের এপ্রিল থেকে ১৯৭৪ সালের জুন পর্যন্ত। সোভিয়েত নৌবাহিনীর ৮০০ জনের বেশি সদস্য ২৬ মাস ধরে মাইন সরানোর কাজ করেছিলেন। এ কাজ করতে গিয়ে তাদের একজনের মৃত্যু হয়েছিল। তবে সোভিয়েত নৌসদস্যরা শেষ পর্যন্ত সফল হয়েছিলেন।বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এসব জাহাজ চট্টগ্রামে ভিড়েছে বলা হলেও এ নিয়ে কৌতুহল বেড়েছে অনেকের মনে। এর কারণ, নির্বাচনের আগ মুহূর্তে জাহাজ তিনটি ভেড়া এবং দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি।


