

ক্রিকেট সিলেব্রেটস মুজিব-১০০’ অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মাতাবেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ আর রহমান। কনসার্টে গান গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। এ কারণে মিরপুর ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
কনসার্টে উপস্থিত হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য এবং ভিআইপিরা স্টেডিয়ামে যাবেন। এজন্য মঙ্গলবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি।
সোমবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এই নির্দেশনা দেন।
অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং, টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং ও ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের সড়কের গাড়িগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপি থেকে।



