

বিএনপি-জামায়াত ও সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা ষষ্ঠ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ৪৩২টি টইল দল মোতায়েন করা হয়েছে। এরমধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১৪৮টি টহল দল। এছাড়া, সারাদেশে ২৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।বুধবার (২২ নভেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়। আর বিজিবির পক্ষ থেকে বাহিনীটির মোতায়েনের তথ্য নিশ্চিত করা হয়।যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা প্রদান করছে র্যাব ও বিজিবি। দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়া হচ্ছে।এছাড়া, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থানে ছদ্মবেশে গোয়েন্দাদের নজরদারি অব্যাহত হয়েছে।এদিকে, ষষ্ঠ দফার টানা ৪৮ ঘণ্টার এই অবরোধ শুরু হয়েছে আজ বুধবার (২২ নভেম্বর) সকাল ৬টায়। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে।


