

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছাতে পারে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের তফসিল পেছানোর সম্ভাবনা নেই।রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে এ কথা বলেন তিনি। এর আগে, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেন রাশেদা সুলতানা। এ নির্বাচন কমিশনার বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু আছে, তা থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত। বিগত নির্বাচনে সেনাবাহিনী মাঠে ছিল, এবারের নির্বাচনেও থাকার সম্ভাবনা বেশি। তবে সময় বলে দিবে সব, এখনই সব বলা যাবে না। ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার পরিবেশ তৈরিতে আমরা কাজ করছি।এর আগে, সকাল ১০টা থেকে নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু হয়। বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন। রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও তাতে অংশ নেন।এদিকে, সকালে মৌলভীবাজার সার্কিট হাউসে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন আরেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।তিনি বলেছেন, জনগণ যদি ভোট দেয়, সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন। অনিবন্ধিত অনলাইন, আইপিটিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না করতে আহবান জানান আনিছুর রহমান।


