

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ পরবর্তী হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে গত ২৫ দিনে সারাদেশে ৬৮৬টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩১০টি ভাঙচুর এবং ৩৭৬টি অগ্নিসংযোগের ঘটনা।পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে অবরোধ ও হরতালে গত ২৯ অক্টোবর হতে ২২ নভেম্বর পর্যন্ত ২৭৫টি যানবাহন ভাঙচুর, ২৪টি স্থাপনা ভাঙচুর ও ১১টি অন্যান্যসহ মোট ৩১০টি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আর ২৯০টি যানবাহন, ১৭টি স্থাপনা ও ৬৯টি অন্যান্যসহ মোট ৩৭৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। ওই বিজ্ঞপ্তিতে পুনরায় বলা হয়, অবরোধ-হরতালে পরিবহন বা স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে অথবা সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।



