

অ্যাপের নাম 'দ্রুত লোন নিন'। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেয়া হতো এই অ্যাপের বিজ্ঞাপন। কিন্তু ঋণ দেয়ার বদলে মানুষের টাকা হাতিয়ে নিতো। ঋণের আশায় অনেক মানুষ এই অ্যাপের ফাঁদে পড়েছে। অবশেষে চীনা নাগরিকসহ চক্রটির ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।এই অ্যাপ ও চক্রের বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ বলেন, ‘দ্রুত লোন নিন’ একটি অ্যাপ। ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে প্রথমে এই অ্যাপের মাধ্যমে ঋণ দেয় আন্তর্জাতিক প্রতারক চক্রটি। এরপর ‘ফিশিং’ লিংকের মাধ্যমে গ্রাহকের মুঠোফোনের যাবতীয় তথ্য হাতিয়ে নেয় তারা। পরে ব্ল্যাকমেল করে উল্টো চাওয়া হতো কয়েক গুণ বেশি টাকা। এভাবেই গত ছয় মাসে ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকেরা।পুলিশ জানায়, জামানত ছাড়া ঋণ দেওয়ার কথা বলে অ্যাপভিত্তিক এই প্রতারক চক্রটি গত দুই বছরে ১ হাজার ৫০০ বাংলাদেশির কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পরে এ টাকা বিভিন্ন দেশে পাচার করা হয়েছে।আরও জানায়, এই প্রতারক চক্রের কল সেন্টার রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানে। মূল সার্ভার সিঙ্গাপুরে।



