

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল। আর ৩০০টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হাজার ৭৪১ জন।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এই নির্বাচনে প্রার্থী হতে আজ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল। নির্ধারিত সময়সীমার মধ্যে কতসংখ্যক মনোনয়নপত্র জমা পড়েছে, তার হিসাব দিয়েছে ইসি। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো শেষ পর্যন্ত এই নির্বাচনে আসেনি। ১৪টি নিবন্ধিত রাজনৈতিক দল এবারের ভোটে অংশ নেবে না।ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০টি সংসদীয় আসনের জন্য আজ ৩০ নভেম্বর, ২০২৩ তারিখ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট দাখিলকৃত মনোনয়নপত্রসমূহে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে।


