

ঢাকার কেরানীগঞ্জে পিতা-পুত্রকে নৃশংসভাবে কুপিয়ে পালিয়ে ছিলেন ৩০ বছর। এজন্য নিজের পরিচয়ও পাল্টান। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পেলেন না। জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আরিফ ওরফে শরীফুল ইসলামকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ১৯৯৩ সালের ১৩ জুলাইয়ে রাতে কেরানীগঞ্জের মালোপাড়া বারিশুর বাজারে মুদি দোকানি শরিফুল ও তার সন্তান খোকনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দোকানের ক্যাশ বাক্স হতে নগদ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আসামি আরিফসহ অন্যান্যরা এ জোড়া খুন করে। দোকানে থাকা শরিফুলের আরেক সন্তান শাহজাহানকেও গুরুতর জখম করে আসামিরা।র্যাব বলছে, হত্যার পর এত বছর আরিফ বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় এসে তাঁর নাম ও পরিচয় গোপন করে শরীফুল ইসলাম নামে বসবাস শুরু করেন। এই নামে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে প্রথমে ঢেউটিন কারখানায় এবং পরে মুদি ও লন্ড্রি দোকানের ব্যবসা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।



