

ভোলা প্রতিনিধি:শুল্ক প্রত্যাহারের ঘোষণা এলেও সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল মিলছে না দেশের বাজারে। বিক্রি হচ্ছে আগের মতোই উচ্চমূল্যে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাজারে তেলের সরবরাহ কিছুটা বাড়লেও খুচরা দোকানে পাওয়া যাচ্ছে না সয়াবিনের পাঁচ লিটারের বোতল। এমন পরিস্থিতিতেই দেশের বিভিন্ন জেলায় মজুত করা অবস্থায় জব্দ করা হচ্ছে হাজার হাজার লিটার তেল।
গতকাল বাগেরহাটে অভিযানে চার হাজার লিটারের বেশি তেল জব্দ করার খবর পাওয়া যায়। এর মধ্যেই ভোলা থেকেও ৬২০০ লিটার তেল জব্দ করার খবর পাওয়া গেছে।
ভোলায় স্টেডিয়াম সড়কে ইউফুফ মহলের নিচতলার তিনটি কক্ষ থেকে রোববার সন্ধ্যায় ৬ হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। এ সময় ওই কক্ষ তিনটি সিলগালা করা হয়।
কৃষি বিপণন ও ট্রেড লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় ইউনিকন ডিস্ট্রিবিউটার লিমিটেডের ম্যানেজার রাসেদুল আমনকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, আবাসিক বাড়িতে তেল মজুত করার খবরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত তেলের মধ্যে ছিল রূপচাঁদা, ভিওলা, রাইস ব্রান, মিজান, সান ফ্লাওয়ার, ফরচুন সরিষাসহ বিভিন্ন কোম্পানির নামের ব্র্যান্ড।
ম্যানেজার জানান, তারা ডিলার হিসেবে ওই সব তেল গোডাউনজাত করেন।
এ দিকে ভোলার বাজারে এখনও সয়াবিন তেলের লিটার প্রতি বিক্রি হচ্ছ ২২০ টাকা দরে। বিকাল থেকে দোকানে দোকানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট।



