

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, যারা এখন পর্যন্ত ৯ দফায় ১৮ দিন অবরোধ আর তিনদিন হরতাল ডেকেছে, তাদের এসব কর্মসূচি সাধারণ মানুষ মানছে না। মানুষ ঘর থেকে বের হয়ে আসছে।মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।পুলিশের এ কর্মকর্তা বলেন, অবরোধ ডেকে ঘরে বসে ভাড়া করে লোক এনে বিচ্ছিন্নভাবে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে। এসেব রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। দিনশেষে এসব কর্মসূচির প্রভাব মানুষের মধ্যে পড়ছে না। তাই মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তায় চলাচল করছে।হারুন অর রশীদ আরও বলেন, ৯ দফায় ১৮ দিন অবরোধ আর তিনদিন হরতাল ডেকেছে বিভিন্ন রাজনৈতিক দল। পরিত্যক্ত গাড়িতে আগুন দেয়া হচ্ছে। আমরা আগেও দেখেছি ২০১৪ সালে একইভাবে তারা রাস্তার মধ্যে বোমা নিক্ষেপ করেছে। পুলিশের ওপর হামলার চেষ্টা করেছে। জনগণ তাদের এমন কর্মসূচিতে সাড়া দেয়নি। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের দিকনির্দেশনা মোতাবেক কাজ করছি।



