

রাজধানীর মহাখালীর এক ফিলিং স্টেশনে বিকট বিস্ফোরণে কেঁপে উঠলো গোটা এলাকা। বিস্ফোরণের পরপরই ফিলিং স্টেশন আগুন লাগে। তাতে অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।বুধবার (৬ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর তারা আগুন নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী বাস টার্মিনালের উল্টো দিকের রয়েল ফিলিং স্টেশনে বিকট বিস্ফোরণ হয়। এ সময় আশপাশের ভবন থেকে শুরু করে রাস্তায় দাঁড়ানো যানবাহনের কাচও ভেঙে পড়ে।পাম্পের কর্মচারী ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, পেট্রোল পাম্পের জেনারেটর রুমে বসানো গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের সূত্রপাত। এ ঘটনায় পাম্পে থাকা তেলের হাউজ বা লাইনে আগুন লাগেনি। লাগলে আরও বড় দুর্ঘটনা হতে পারতো।


