

দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলানোর প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়।গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রথম পর্যায়ে এসব ওসিকে বদলির প্রস্তাব পাঠানো হয়। এরপর তা যাচাইবাছাই করে ইসি।এর আগে, সারাদেশের ওসিদের বদলি করতে গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় ইসি। তাতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলি করতে ইসি সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন। এ অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে বিনীত অনুরোধ করা হলো।এরপর ওসিদের বদলির প্রস্তাব পাঠাতে ইসির কাছে আরও তিনদিন সময় চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসিও তা অনুমোদন করে। এরই ধারবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওসিদের বদলিতে নাম পাঠালে তা অনুমোদন করা হয়।



